28 June 2026 Sunday, 01:45 AM
১৪ আষাঢ় ১৪৩৩ রবিবার, 01:45 AM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ

শিক্ষায় পুষ্টির স্পর্শ: বদলে যাচ্ছে শিশুর ভবিষ্যৎ

26 June 2026 03:49 PM 19 ভিউ শাহিনা পারভিন, উপ—পরিচালক ও প্রধান আইএমইএল সেল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বাংলাদেশের শিক্ষাখাতে এক সময়োপযোগী এবং যুগান্তকারী উদ্যোগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে যশোর, সাতক্ষীরা, নড়াইল ও মেহেরপুর জেলার ৬টি উপজেলা যথাক্রমে অভয়নগর, কেশবপুর, ঝিকরগাছা, শ্যামনগর, কালিয়া ও গাংনীতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৬ সালের ২৯ শে মার্চ থেকে শুরু করে এই কর্মসূচির আওতায় ৯১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ লক্ষ ১২ হাজারেরও বেশি শিক্ষার্থীর মাঝে প্রতিদিন পুষ্টিকর খাবার —একটি সিদ্ধ ডিম, দুইটি বনরুটি এবং একটি পাকা কলা বিতরণ করছে সুশীলন। সরকারের এই মহৎ উদ্যোগের মূল লক্ষ্য ঝরে পড়া শিশুদের বিদ্যালয়গামী করা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণ করা।

১৯৯১ সাল থেকে শিশুবান্ধব প্রতিষ্ঠান সুশীলন নিরলসভাবে কাজ করে যাচ্ছে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে। বিশেষ করে মানসম্মত শিক্ষা ও শিশুর সুরক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সবসময়ই অঙ্গীকারবদ্ধ। আনন্দঘন পরিবেশে সুশীলন প্রতিটি উপজেলায় রঙিন উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিল্ড পর্যায়ে কার্যক্রম শুরু করেন যেখানে উপস্থিত ছিলেন সুশীলনের প্রতিষ্ঠাতা ও উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামান, নড়াইল—১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগন, সুশীলনের প্রকল্প ফোকাল ও উপ—পরিচালক শাহিনা পারভিন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক—শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়নকর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। যা বাংলাদেশের স্থানীয়, জাতীয় অনলাইন ও অফলাইন এবং ইলেকট্রনিস্ক ৬৮টির অধিক সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়।

মাঠপর্যায়ে কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সুশীলন কমিউনিটির সম্পৃক্ততা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলের সাতে নিয়মিত সমন্বয়, মতবিনিময় করছে যা এই উদ্যোগকে আরও শক্তিশালী ও গতিশীল করছে। এই পুষ্টিগুণসমৃদ্ধ খাদ্যসামগ্রী শুধু শিশুদের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করছে না বরং বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বাড়াতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খুব অল্প সময়ে এই কার্যক্রম ইতোমধ্যেই আশাব্যঞ্জক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি, বেড়েছে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ও সক্রিয় অংশগ্রহণ। বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের শিশুদের জন্য এটি হয়ে উঠেছে এক অনন্য সহায়তা যা তাদের প্রতিদিন স্কুলে আসতে উৎসাহিত করছে। গত দুই থেকে চার মে, ২০২৬ তারিখে সুশীলন এর মনিটরির সেল খাদ্যসামগ্রী বিতরণকৃত ৯১৬ টি বিদ্যালয়ের মধ্যে ৯১টি বিদ্যালয়ে একটি জরিপে দেখা গেছে, মাত্র এক মাসেই উপস্থিতি বেড়েছে প্রায় ৫.১০%। এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই বিদ্যালয়গুলোতে উপস্থিতির হার ৯৫% থেকে ১০০%—এ পৌঁছাবে এমন প্রত্যাশা এখন আর কল্পনা নয়।

এই কর্মসূচির আরেকটি উজ্জ্বল দিক হলো স্থানীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব। কলা চাষি, ডিম উৎপাদক, বেকারি ব্যবসায়ী এবং স্থানীয় শ্রমিকদের সম্পৃক্ততার মাধ্যমে একটি টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে উঠছে। ফলে একদিকে যেমন শিশুদের পুষ্টি নিশ্চিত হচ্ছে, অন্যদিকে তেমনি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও আয়ের নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। তবে সব অর্জনের পাশাপাশি কিছু প্রতিবন্ধকতাও  রয়েছে বিশেষ করে মানসম্মত পর্যাপ্ত স্থানীয় পর্যায়ে সরবরাহকারী, তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খাতে অনাকাঙ্খিত ব্যয় বৃদ্ধি, বর্ধিত উপস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য বিতরণ। বিদ্যালয়,সরবরাহকারী এবং প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রেখে সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে সুশীলন সুনামের সাথে কার্যক্রমটি পরিচালনা করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় সব সীমাবদ্ধতাকে অতিক্রম করে এই সরকারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি আজ কেবল একটি খাদ্যসামগ্রী বিতরণ উদ্যোগ নয় বরং লক্ষ শিশুর গালভরা হাসি, সুস্থতা, শেখার আগ্রহ এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকে একসূত্রে গেঁথে দেওয়ার এক অনন্য প্রয়াস।

একটি গরম সিদ্ধ ডিম, দুই টুকরো পুষ্টিগুণ সমৃদ্ধ বনরুটি আর একটি পাকা কলা — বাংলাদেশ সরকারের এই ছোট্ট মহৎ উদ্যেগে প্রতিদিন নতুন করে আলোকিত করছে হাজারো শিশুর পথচলা যা অবদান রাখছে গড়ে তুলতে আত্মবিশ্বাসী, সুস্থ ও শিক্ষিত এক নতুন প্রজন্ম, যারা আগামীর বাংলাদেশকে আরও শক্তিশালী, সচেতন এবং সমৃদ্ধ করে গড়ে তুলবে বলে সুশীলন, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং সরকারের দৃঢ়বিশ্বাস।

প্রকল্পের গুরুত্বপূর্ন ইভেন্ট সংখ্যা: ২
ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র